
নোমান আহমদ : করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্বে বিরাজ করছে আতঙ্ক। সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন। পরিবারগুলো নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে ভুগছে।
ফলে বিভিন্ন সংস্থা, সংগঠন এবং বিত্তবান ব্যক্তিরা যার যার সাধ্য অনুসারে অসহায় পরিবারগুলোর পাশে দাড়ানো চেষ্টা করে যাচ্ছেন।
এরই ধারাবাহিকতায় আজ ২৮ জুলাই, রোজ সোমবার সকাল ১১ ঘটিকায় জকিগঞ্জের শাহগলি মাদরাসা মাঠে উপজেলার ১ নং বারহাল ইউনিয়নের সামাজিক সংগঠন “বারহাল সমাজসেবা ফোরাম” এর পরিচালনায় বারহালের অন্তর্গত ৯ টি ওয়ার্ডের তুলনামূলক বেশি অসহায় পরিবারের মাঝে ঈদের খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বারহাল ইউনিয়নের সম্মানিত উলামায়ে কেরাম ও সর্বস্থরের গণ্যমান্য ব্যক্তিবর্গের তত্তাবধানে এবং সকল শ্রেণীর সচেতন যুব সমাজ দ্বারা পরিচালিত আর্তমানবতার সেবায় নিবেদিত অরাজনৈতিক সামাজিক সংগঠন “বারহাল সমাজসেবা ফোরাম” গত কয়েকদিন আগে এই উদ্যোগ গ্রহণ করে।
উক্ত মহত উদ্যোগ সফল করার জন্য বারহালের সম্মানিত প্রবাসী ব্যক্তিবর্গ ও দেশে অবস্থানরত বিত্তবান দানশীল ব্যক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। ফলে এই উদ্যোগ সফল করা সম্ভব হয়েছে।
“বারহাল সমাজসেবা ফোরাম” এর সভাপতি মুফতি যাকারিয়্যা খান বলেন, এই মহত উদ্যোগ সফল হওয়ায় আমি সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং সেই সাথে আমাদের সকল দানশীল ভাইদের প্রতি ও ফোরামের সকল দায়িত্বশীল-সদস্যবৃন্দের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি -মতের সমন্বয়, শক্তি ও দৃঢ়তার সাথে অগ্রসর হতে থাকলে আমরা বারহালের জন্য আরো অনেক কিছু করতে পারবো, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ফোরামের সদস্যবৃন্দসহ যারাই অর্থ, সময়, শ্রম ও মেধা দিয়ে এ মহৎ কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন সকলের বরকতময় হায়াত ও সফল জীবন কামনা করছি।