জকিগঞ্জ টিভি :: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে গভীর রাতে বুয়েট হলে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি আখতার হোসাইন জাহেদ ও সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন বলেছেন, দেশের একটি গুরুত্বপূর্ণ বিদ্যাপীঠে এ ধরণের হত্যাযজ্ঞ কোনভাবেই মেনে নেয়া যায় না। আমরা খুনিদের অনতিবিলম্বে গ্রেফতারপূর্বক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম থেকে জানা যায় খুনিরা একটি প্রভাবশালী ছাত্রসংগঠনের বুয়েট শাখার দায়িত্বশীল। যা শুনে আমরা চরমভাবে হতবাক হয়েছি। ছাত্রসংগঠনের কর্মীদের সন্ত্রাসবাদে বিশ্বাসী হওয়া চরম লজ্জাজনক এবং এটা দেশ ও জাতির জন্য অশুভ সংকেত।
নেতৃবৃন্দ আরও বলেন, আবরার হত্যায় জড়িতদের নাম ইতোমধ্যে প্রকাশ হওয়ার পরও খুনিদের ধামাচাপা দিতে বুয়েট কর্তৃপক্ষ চেষ্টা করছে, যা অত্যন্ত ঘৃণ্য কাজ। নেতৃবৃন্দ অতিসত্তর খুনিদের ধরিয়ে দিতে বুয়েট প্রশাসনের প্রতি আহবান জানান।
আবরার হত্যার এই ঘটনা থেকে নেতৃবৃন্দ মনে করেন, দেশের অসংঘতিপূর্ণ বিষয়ে মুক্তভাবে কথা বলা যেন আজ অমার্জনীয় অপরাধ। আবরার ফাহাদ সে অপরাধেই দণ্ডপ্রাপ্ত হয়েছে!
বিবৃতিতে নেতৃবৃন্দ, জাতীয় উন্নতি, শান্তি ও শৃঙ্খলার স্বার্থে শিক্ষাঙ্গণে সন্ত্রাসবাদের মূলোৎপাটন করতঃ অনতিবিলম্বে আবরার ফাহাদের খুনিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান।