জকিগঞ্জ টিভি:: ১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১সালের এই দিনে ত্রিশ লক্ষ মানুষের তাজা রক্ত আর অসংখ্য মা-বোনের সম্ভ্রম বিলীনের মধ্য দিয়ে শোষকের নাগপাশ ছিন্ন করে এ দেশের দামাল ছেলেরা ছিনিয়ে এনেছিলো বিজয়ের টকটকে লাল সূর্য।
প্রতি বছরই এই দিনটিকে ঘিরে ফুলে ফুলে ছেয়ে যায় শহিদ মিনার। সকল শহীদদের প্রতি বাঙ্গালীদের হৃদয়ের নিভৃতকোণ থেকে জাগ্রত হয় একরাশ শ্রদ্ধা।
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নস্থ শহীদ মিনারে বিজয় দিবসে রুপায়িত হয়েছে ভিন্নরকম ছবি। হাতে ফুল আর পায়ে দামি জুতা নিয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা মিলেছে দুজনের। তাতেই শেষ নয় অনেকক্ষণ দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গেছে তাদের। শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের নামে এমন অবমাননাকর ছবি ফেসবুকে পোস্ট হওয়ার পর থেকেই ঝড় উঠে সমালোচনার।
জুতা পরা দুজনের মধ্যে একজন হচ্ছেন মানিকপুর ইউনিয়নের গ্রামপুলিশ হারুন এবং তোপখানা গ্রামের বাছিত নামক একজন।
এ বিষয়ে মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহতাব হুসেন বলেন – ‘বিষয়টি খুবই দুঃখজনক এবং লজ্জাজনক বটে।’
এর জন্য তিনি দুঃখ প্রকাশ করে বলেন ‘আমি ব্যস্ততার দরুন উপস্থিত থাকতে পারিনি এবং এমন অবমাননাকর পরিস্থিতি সৃষ্টির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’