
আমি এমন একজন সাংসদ চাই যিনি নিজের স্বার্থ নয়, জনগণের কল্যাণকে প্রাধান্য দেবেন, যিনি শুধু নামমাত্র জনপ্রতিনিধি হয়ে থাকবেন না, সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধি হবেন। যিনি অন্যায়ের বিরুদ্ধে শক্তভাবে কন্ঠ তুলবেন, কোনো প্রভাবশালী বা দখলবাজের কাছে মাথানত করবেন না। চাই না কোনো দলবাজি বা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাওয়া সাংসদ, বরং এমন একজন যিনি জনগণের কষ্ট বুঝবেন, পাশে থাকবেন। তিনি হবেন সবার নেতা, শুধু দলীয় রাজনীতির না।
আমার এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগ ব্যবস্থা এখনো অনেক পিছিয়ে। তাই চাই, তিনি এই দিকটায় অগ্রাধিকার দেবেন। বন্যা যেন প্রতি বছর মানুষের ঘরছাড়া হবার কারণ না হয়, সে জন্য চাই টেকসই প্রতিরোধ ব্যবস্থা।
শিক্ষাব্যবস্থা আরও উন্নত হোক, প্রত্যন্ত অঞ্চলেও যেন মানসম্মত শিক্ষা পৌঁছে যায়।
স্বাস্থ্যসেবা যেন নামে নয়, বাস্তবে মানুষের পাশে থাকে, উন্নত মানের ক্লিনিক, হাসপাতাল ও জরুরি সেবা থাকুক প্রতিটি ইউনিয়নে।
আমাদের এলাকার স্বাস্থ্যসেবা আজও অনেক পিছিয়ে। গ্রামাঞ্চলে নেই পর্যাপ্ত ক্লিনিক বা বিশেষজ্ঞ ডাক্তার। একটা সাধারণ রোগের জন্যও মানুষকে শহরে ছুটতে হয়, কখনো দিন পার করে, কখনো জীবনও হারায়।
চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় দরিদ্ররা অনেক সময় চিকিৎসা না করিয়েই কষ্টে থাকে।
উন্নত মানের হাসপাতাল গড়ে তোলা এখন সময়ের দাবি।
এছাড়াও আমাদের এলাকা, সব দিকেই পিছিয়ে। তাই, আমরা চাই এমন একজন সাংসদ, যিনি উন্নয়নের প্রতিটি স্তরে সমান গুরুত্ব দিয়ে কাজ করবেন, এবং সত্যিকার অর্থেই হবেন জনগণের প্রতিনিধি।
এমন একজন সাংসদ চাই যিনি দল নয়, জনগণকে মুখ্য মনে করে কাজ করবেন। যিনি বাস্তব কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করবেন, শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি বাস্তব উন্নয়নই হোক তার পরিচয় ।
লিখেছেন : শাহান আহমদ চৌধুরী
শিক্ষার্থী, ইছামতি ডিগ্রি কলেজ
