
সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা প্রকাশ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট জেলার প্রশাসন ও পুনর্বাসন কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার (১৩ মে) অধিদপ্তরের পরিচালক (ত্রাণ) মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, পূর্বাভাস অনুযায়ী সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। এই প্রেক্ষাপটে জেলা ও উপজেলা প্রশাসন, পুনর্বাসন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জরুরি প্রস্তুতি নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সতর্কতার আওতায় থাকা জেলাসমূহ:
সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা।
অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তাটি অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশের উত্তর-পূর্বাঞ্চলে বর্ষার শুরুতেই এমন সতর্কবার্তা বন্যা পরিস্থিতির অবনতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।