জকিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

Spread the love

জকিগঞ্জ টিভি:: আজ ১৭ইমার্চ। ১৯২০ সালের এই দিনে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছিলেন শেখ পরিবারের আদরের ‘খোকা’। যিনি ধীরে ধীরে হয়ে উঠেছিলেন বাঙালি জাতির জনক এবং ‘বঙ্গবন্ধু’।
তাঁর হাত ধরেই আসে বাঙালির স্বাধীনতা, বিশ্বের মানচিত্রে জন্ম নেয় বাংলাদেশ নামে লাল সবুজে আচ্ছাদিত এক মায়াবী ভূমি।

সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় জকিগঞ্জে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ কিংবা ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই গানের সুর সুরে দিনভর মুখরিত ছিলো পুরো উপজেলা। করোনা আতঙ্ক এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা মুজিববর্ষের আয়োজনে প্রভাব ফেললেও কমতি ছিলোনা হৃদয় নিংড়ানো নিখাঁদ ভালোবাসার।

ভোর ছয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিবস উদযাপনের কার্যক্রম। সকাল সাড়ে দশটায় উপজেলা প্রাঙ্গনে মুজিববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন হয়। পরে উপজেলাজুড়ে দিনভর মিলাদ ও দোয়া মাহফিল, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, কেক কাটা, বীজ ও সার বিতরণ, যুব ঋণের চেক বিতরণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে।
উপজেলাব্যাপি পৃথক পৃথক আয়োজনগুলোতে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, জকিগঞ্জ বিয়ানীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জকিগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলি, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসেরসহ মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক-ছাত্রসহ নানা বয়সী নানা পেশার মানুষ।

শততম জন্মদিনে বঙ্গবন্ধুর জন্মক্ষণ রাত আটটায় সারাদেশের ন্যায় উৎসবের ফোয়ারা হিসেবে আকাশে শোভা পায় আতশবাজির ঝলকানি।

জনতার নেতা মুজিব আজ না থাকলেও তাঁর আদর্শ ও অনুপ্রেরণা গেঁথে আছে বাঙালির মননে মগজে। তাইতো প্রতিবছর শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞচিত্তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করবে বাঙালি জাতি। কবির ভাষায় যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *