শতবর্ষে বঙ্গবন্ধুর স্মরণে বিনম্র শ্রদ্ধা

Spread the love

“পরাজিত শক্তি যখন হেঁটে বেড়ায় বিজয়ীর বেশে, যখন ফুলেরা কাঁদে, হায়েনার হাসে; যখন মানুষ ঘুমায়, পশুরা জাগে; তখন আমার ঠিকানায় আসে সেই পুরোনো পত্র, তখন আমার কানে ভাসে সেই পুরোনো ছত্র এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম! এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম! জয় বাংলা”

কবি শামসুর রাহমানের ভাষায় বলতে গেলে ঠিক এমনটিই বলতে হয়। বাঙালি জাতি যখনই সংকটাপন্ন হয় তখনই স্বাধীনতার অমর বাণীর সঙ্গে যে নামটি আমাদের স্মরণে আসে তা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের এই দেশ, এই জাতির অস্তিত্বই পৃথিবীর বুকে গর্বভরে উচ্চারিত হতো না যদি এই নামটি না থাকত। বাংলার মাটি যে অবিসংবাদিত নেতার জন্মে ধন্য হয়েছে, তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শেখ মুজিবুর রহমান নামটি উচ্চারণ করতে গেলেই যে উপাধি গুচ্ছ প্রথমে উচ্চারণ করতে হয় তা হলো ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’। মূলত এই দুটি শব্দ দিয়েই তাঁর পরিচয় ও অবদান আমাদের সামনে উঠে আসে। বিশ্বে যে সকল দেশ স্বাধীন হয়েছে তার কিছু কিছু দেশে স্বাধীনতার জন্য এক একজন মহান দেশনেতা অবদান রেখেছেন। বিশ্ব ইতিহাসের এই মহান ব্যক্তিদেরই একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আবির্ভূত হয়েছিলেন বাঙালি জাতির এক মহাসন্ধিক্ষণে। এই মহান ব্যক্তির নেতৃত্ব লাভ করে মুক্তির আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত হয়ে উঠেছিল বাঙালি জাতি। তাঁর উদাত্ত আহবানেই বাঙালি অংশ নেয় গৌরবময় মুক্তিযুদ্ধে – অর্জন করে বহু প্রত্যাশিত স্বাধীনতা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে অর্থাৎ ১৯২০ সালের ১৭ই মার্চ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ছয় ভাই-বোনের মধ্যে তৃতীয়। বাবা-মা তাঁকে ‘খোকা’ বলে ডাকতেন।

স্বাধীন বাংলাদেশে পথভ্রষ্ট কিছুসংখ্যক সামরিক আমলা ও ক্ষমতালোভী দেশ বিরোধীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে হত্যা করে। এর মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায়ের সূচনা হয়। বঙ্গবন্ধু হত্যা কেবল ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হত্যা নয়, বরং এটি ছিল একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। এই অবিসংবাদিত নেতাকে যে নির্বিচারে হত্যা করা হয়েছিল, এটা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়। ‘বাঙালি, একটি ফিনিক্সপাখি’ শিরোনামের কবিতায় কবি আখতারুজ্জামান আজাদ বঙ্গবন্ধুর হত্যাকে বলেছেন বাঙালি জাতির সপরিবারে হত্যা। কবি বলেন-
‘আমরা বাহান্নতে মরেছি দলে দলে,
আমার একাত্তরে মরেছি ঝাঁকে ঝাঁকে,
আমরা পঁচাত্তরে মরেছি সপরিবারে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের অন্তরলোকে অমর হয়ে আছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই শত জন্মবার্ষিকীতে অর্থাৎ মুজিব শতবর্ষে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি ও তাঁর সপরিবারে আত্মার মাগফিরাত কামনা করছি।

লিখেছেন- নোমান আহমদ
প্রতিনিধি, জকিগঞ্জ টিভি


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *